ঝিনাইগাতীতে আবার বন্য হাতির আক্রমণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র একদিনের ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমণে মোমেনা বেওয়া (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা গ্রামের বাসিন্দা ছিলেন। এ সময় মোমেনার ঘরটিও বিধ্বস্ত হয়।
গতকাল শনিবার ভোরে সীমান্তঘেঁষা তাওয়াকুচা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত চার মাসে বন্য হাতির আক্রমণে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে ১০ ব্যক্তি নিহত হলেন।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে হাতির আক্রমণে ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর ও গুরুচরণ দুধনই গ্রামে তিনজন নিহত হন।
উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, দেড় মাস ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী পানবর, গুরুচরণ দুধনই, বাকাকুড়া, ছোট গজনী, বড় গজনী ও তাওয়াকুচা গ্রামে অবস্থান করছে। হাতির দল গতকাল ভোরে তাওয়াকুচা গ্রামে মোমেনার বাড়িতে আক্রমণ করে। হাতি মোমেনাকে পদপিষ্ট করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। হাতির দল তাঁর বসতঘর ভাঙচুর ও কয়েক একর জমির ধান নষ্ট করে।