ঝিনাইগাতীতে উদ্ধার হওয়া গোলাবারুদ থানায় হস্তান্তর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা গোলাবারুদ ও কাগজপত্র গতকাল সোমবার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব প্রধান জানান, বিকেলে নকসী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. মফিজুল ইসলাম উদ্ধার করা গোলাবারুদ ও কাগজপত্র ঝিনাইগাতী থানায় হস্তান্তর করেন। জব্দ তালিকা মোতাবেক উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে সাতটি মাইন জাতীয় বিস্ফোরক, একটি গ্রেনেড, ৯৩টি গুলি ও একটি ম্যাগাজিন, পাঁচটি পিস্তলের ক্লিনিং রড, মেশিনগানের গুলি রাখার বেল্ট, চারটি মুঠোফোন সেট, ১৯টি সিম কার্ড, চারটি ওয়াকিটকি সেটের ব্যাটারি, দুইটি অ্যান্টেনা, দুটি ডিজিটাল মাল্টি মিটার, ১০৭ রুপি (ভারতীয়), পাঁচটি সিডি, ১০টি কম্পিউটারের ডেটা কেব্ল, তিনটি দিনপঞ্জি, ‘সংযুক্ত মুক্তিবাহিনী অসম’ (উলফা) লেখা অহমিয়া ভাষার আটটি বই ও সংগঠনটির বিভিন্ন কাগজ ভর্তি ছয়টি ফাইল, কিছু জমির দলিল, একটি মোটরসাইকেলের লাইসেন্স (ঢাকা-মেট্রো-হ-১৯-৪৭৫২) ইত্যাদি।এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সামগ্রী বিডিআরের ময়মনসিংহ সেক্টর কমান্ডারের কার্যালয় থেকে ঝিনাইগাতী থানায় আনা হয়।ওসি আরও জানান, এ ঘটনায় গত শনিবার পুলিশের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া সোমবার বিডিআরের পক্ষ থেকেও একটি জিডি করা হয়। এদিকে বিডিআরের উদ্ধার করা গোলাবারুদের উৎস সম্পর্কে জানার জন্য গতকালও পুলিশসহ বিভিন্ন সংস্থার গোয়েন্দারা সীমান্তবর্তী বাকাকুড়া গ্রাম ও এর আশপাশের এলাকায় তৎপরতা চালিয়েছেন।৪৫ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর শাহেদ মেহের প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে উদ্ধার করা গোলাবারুদ ও কাগজপত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার বলে ধারণা করা হচ্ছে।শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, ঝিনাইগাতী সীমান্তে গোলাবারুদ উদ্ধারের পর ঝিনাইগাতীর গজনী অবকাশকেন্দ্র ও নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের গারো পাহাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গোলাবারুদ ও কাগজপত্র উদ্ধার করা হয়। বিডিআরের সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় এসব গোলাবারুদ ও কাগজপত্র উদ্ধার করে। এর আগে ১৮ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে বাকাকুড়া গ্রামের অছিরুদ্দিনের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে রাইফেলের ১৩ হাজার ৬৮০টি গুলি উদ্ধার করে।