ঝিনাইগাতীতে উদ্ধার ১৪ হাজার গুলির উৎস জানা যায়নি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের অছির উদ্দিনের (৮৫) একটি পরিত্যক্ত ঘর থেকে গত শনিবার সকালে উদ্ধার করা রাইফেলের ১৩ হাজার ৬৮০টি গুলির উৎস এখনো জানা যায়নি। গুলি উদ্ধারের দুই দিনেও এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।এসব গুলি বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনের হতে পারে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।গতকাল রোববার দুপুরে শেরপুর জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামের অছির উদ্দিনের বাড়িতে গিয়ে পুরো বাড়িটি ফাঁকা পাওয়া যায়। অছির উদ্দিনের থাকার ঘরটি ছিল তালাবদ্ধ। অনেক চেষ্টা করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি।এ সময় অছির উদ্দিনের প্রতিবেশী চা-বিক্রেতা জয়নাল আবেদীন বলেন, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে অছির উদ্দিনের চিৎকার শুনে তিনি ও কয়েকজন প্রতিবেশী তাঁর বাড়িতে যান। এ সময় অছির উদ্দিন জানান, কে বা কারা তাঁর থাকার ঘরের পাশের পরিত্যক্ত ঘরে বস্তায় কী যেন রেখে গেছে। ওই লোকগুলো তাঁকে (অছির) ছুরি দেখিয়েছে এবং এ ব্যাপারে কোনো কথা বলতে নিষেধ করেছে। কিন্তু প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ারুল্লাহ, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইউসুফ হারুন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল আউয়ালকে জানান। পরে খবর পেয়ে শনিবার সকালে একদল পুলিশ অছির উদ্দিনের বাড়িতে এসে তল্লাশি চালিয়ে ওই পরিত্যক্ত ঘর থেকে এসব গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।অছির উদ্দিনের মেয়ে ফুলবানু (২৫) জানান, তাঁরা সাত ভাইবোন। কিন্তু তিনি ছাড়া অন্য ভাইবোনেরা দেশের বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করেন। বাকাকুড়া গ্রামে বাবার বাড়ির কাছেই তিনি স্বামীসহ বসবাস করেন। গত শনিবার সন্ধ্যার পর থেকে তাঁর বাবা ভয়ে অন্য কোথাও চলে গেছেন। তবে তাঁর বাবা কোথায় আছেন, তা তিনি জানেন না।এদিকে গতকাল সকালে ঝিনাইগাতীর নকশি সীমান্তের বিডিআর ৪৫ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরা ছাড়াও ডিজিএফআই, এনএসআই ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ারুল্লাহ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলির উৎস বা কারা এগুলো বহন করে অছির উদ্দিনের বাড়িতে রেখে গিয়েছিল, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।চেয়ারম্যান মো. আনোয়ারুল্লাহ গতকাল বিকেলে বলেন, অছির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হওয়া এসব গুলি কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমেই আসল তথ্য উদ্ঘাটিত হবে বলে তিনি মনে করেন।অপর দিকে ঝিনাইগাতীর নকশি সীমান্তের বিডিআর ৪৫ রাইফেলস ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার দীন ইসলাম বলেন, তাঁরাও নিজস্ব সোর্সের মাধ্যমে পুরো ঘটনা তদন্ত করছেন। তদন্ত শেষ হলেই গুলির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এ প্রসঙ্গে শেরপুরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাকাকুড়া গ্রামে গুলি উদ্ধার ঘটনার তদন্তকাজ অব্যাহত রয়েছে। এসব গুলির উৎস এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।গত শনিবার সকালে ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের অছির উদ্দিনের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় তারা বাড়ির একটি পরিত্যক্ত ঘরের চৌকির নিচে আটটি বস্তা দেখতে পায়। বস্তাগুলো খুলে পুলিশ ৫৭টি প্যাকেটের ভেতর রাইফেলের ১৩ হাজার ৬৮০টি গুলি পায়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেছেন।