ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসব শেষ
বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গারো সম্প্রদায়ের সামাজিক উৎসব ওয়ানগালা বা নবান্ন উৎসব শেষ হয়েছে। গতকাল শুক্রবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ উৎসব শেষ হয়।
গত বৃহস্পতিবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। ঝিনাইগাতীর মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশন এ উৎসবের আয়োজন করে।
গতকাল সকালেও গারো সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেয়। প্রার্থনা পরিচালনা করেন মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের ফাদার গাব্রিয়েল। ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে এখানে ওয়ানগালা উৎসব পালন করা হচ্ছে।
উৎসব উপলক্ষে মিশনের মাঠে বসেছিল জমজমাট মেলা। মেলায় গারোদের ঐতিহ্যবাহী পোশাকসহ শিশুদের নানা ধরনের খেলনা বিক্রি করা হয়। এ ছাড়া গতকাল দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা।