ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসব উদ্যাপন
‘তোমার সব দানের জন্য প্রভু তোমায় ধন্যবাদ’—এভাবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো সম্প্রদায় ওয়ানগালা উৎসব উদ্যাপন করেছে। গতকাল রোববার আলোচনা-প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে তারা এই উৎসব উদ্যাপন করে।
ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর ধর্মপল্লিতে সকাল নয়টায় উৎসব শুরু হয়। উৎসবে আলোচনা সভা, মাল্যদান, ধূপারতি, মুচিবাতি প্রজ্বালন, ফসল উৎসর্গ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রার্থনা করা হয়। উৎসবের বিভিন্ন পর্ব পরিচালনা করেন ফাদার শেখর রোজারিও, গ্যাব্রিয়েল তপ্পা ও সুবল কজুর। উৎসবে গারো সম্প্রদায়ের সহস্রাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
মরিয়মনগরের ধর্মপল্লির ফাদার শেখর রোজারিও জানান, নতুন ফসল কাটার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর জন্য নারী-পুরুষেরা এই উৎসবে অংশ নেন। তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
উৎসব উপলক্ষে গতকাল মরিয়মনগর ধর্মপল্লির পাশে গারোদের ঐতিহ্যবাহী পোশাক ও শিশুদের নানা রকমের খেলনা নিয়ে মেলা বসে।