ঝিনাইগাতীতে কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের আলহাজ শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার আমতলীতে এসব কর্মসূচির আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বেলা একটা থেকে দুইটা পর্যন্ত মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী এলাকায় সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রেজাউল হাসান, প্রভাষক আসাদুজ্জামান, ফজলুল করিম, শহীদুল্লাহ, আবদুল্লাহ আল মামুন, মাহবুব সুলাইমান, সারোয়ার হোসেনসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত দুটি কলেজকে বাদ দিয়ে সদর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত তিনআনী আদর্শ কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়েছে। তাঁরা অভিযোগ করেন, জাতীয়করণের জন্য তিনআনী আদর্শ কলেজ থেকে মিথ্যা ও ভুল তথ্য দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্যগুলো যাচাই-বাছাই না করেই জাতীয়করণের খসড়া তালিকায় ওই কলেজের নাম প্রকাশ করে। কর্তৃপক্ষ সঠিক তদন্ত করলেই প্রকৃত তথ্য উন্মোচিত হবে। প্রয়োজনীয় তদন্তপূর্বক ওই কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দিয়ে ঝিনাইগাতী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আলহাজ শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজকে জাতীয়করণ করতে হবে।