ঝিনাইগাতীতে খাওয়ার পানির সংকট তীব্র
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় খাল, বিল, নদী, পুকুর ও জলাশয়গুলো শুকিয়ে গেছে। ফলে দেখা দিয়েছে পানির সংকট। পাহাড়ি জনপদের এসব গ্রামবাসীকে এখন দূর-দূরান্তের নলকূপ থেকে আনতে হচ্ছে পানি।
পানীয় জলের সংকটে থাকা এ গ্রামগুলো হচ্ছে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা, পানবর, গুরুচরণ দুধনই, ছোট গজনী, বড় গজনী, গান্ধিগাঁও, ফুলহাড়ি, বাকাকুড়া, হালচাটি, নওকুচি এবং নলকুড়া ইউনিয়নের নলকুড়া, ফাকরাবাদ, রাংটিয়া ও গোমড়া গুচ্ছগ্রাম।
গত রোববার উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অসংখ্য হস্তচালিত নলকূপ অকেজো হয়ে পড়েছে। ফলে গ্রামগুলোয় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় খাওয়ার পানির সঙ্গে দৈনন্দিন ব্যবহারের পানিরও অভাব দেখা দিয়েছে। কোনো গ্রামের একটি নলকূপে পানি ওঠার সংবাদ পেলে ওই গ্রামসহ পানিসংকটে থাকা আশপাশের গ্রামবাসী ওই নলকূপে ভিড় করে।
ছোট গজনী গ্রামের পরিমল সাংমা বলেন, প্রতিবছর ডিসেম্বর থেকে মে পর্যন্ত এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট থাকে। পাহাড়ি গ্রামগুলোর মাটির নিচে পাথর থাকে। এখানে হস্তচালিত নলকূপ স্থাপন করা যায় না। তাই পানি তুলতে বসাতে হয় রিংওয়েল নলকূপ। কিন্তু এটি ব্যয়সাপেক্ষ। তাই ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত দরিদ্র গ্রামবাসীর পক্ষে এই নলকূপ বসানো সম্ভব হয় না। ফলে পানিসংকটে ভুগতেই হচ্ছে তাদের।
নলকুড়া ইউনিয়নের গুচ্ছগ্রামের ওসমান আলী বলেন, গুচ্ছগ্রামে ৩০টি পরিবারের শতাধিক মানুষ বাস করে। এখানে পানির জন্য দুটি রিংওয়েল নলকূপ ও একটি পুকুর খনন করা হয়েছে। কিন্তু চলতি শুষ্ক মৌসুমে রিংওয়েল ও পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় তীব্র পানিসংকটে ভুগছে এখানকার লোকজন।
কাংশা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক বলেন, পাহাড়ি গ্রামবাসী অনেক দিন ধরেই বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। সরকারি উদ্যোগে এসব এলাকায় ‘সেমি ডিপ টিউবওয়েল’ স্থাপন করা হলে পানির সংকট কমত।
উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশি বলেন, উপজেলার আদিবাসী-অধ্যুষিত পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। বিশেষ করে কাংশা ও নলকুড়া ইউনিয়নে এ সংকট তীব্র। এখানে জরুরি ভিত্তিতে ‘সেমি ডিপ টিউবওয়েল’ স্থাপনের জন্য তিনি সরকারের কাছে আবেদন জানান।
জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী (এসএই) মাজেদুর রহমান বিশুদ্ধ পানিসংকটের কথা স্বীকার করে বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ উপজেলার প্রায় পাঁচটি ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে সরকারি উদ্যোগে উপজেলায় ৪২টি টিউবওয়েল ও পাঁচটি রিংওয়েল নলকূপ বসানো হয়। আরও নলকূপ স্থাপন করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।