ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ৩ জন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে নিখোঁজের পাঁচ দিন পরও গারো সম্প্রদায়ের তিনজনের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তাদের পরিবার। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্বজনদের অভিযোগ, র‍্যাব সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে। 

নিখোঁজ তিনজন হলেন ঝিনাইগাতী উপজেলার গজনী গ্রামের প্রভাত মারাক (৬০), সুখীন্দ্র মারাকের ছেলে বিভাস সাংমা (২৫) এবং সুমিত সাংমার ছেলে রাজেস মারাক (২২)। বিভাস ঝিনাইগাতীর তিনআনী আদর্শ ডিগ্রি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রভাত দিনমজুর এবং রাজেস ময়মনসিংহের ভালুকায় তাঁর বোনের বাসায় থেকে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করতেন।
নিখোঁজ ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে কালো ও সাদা পোশাকধারী ১০-১২ জন লোক গজনী গ্রামের বাড়ি থেকে বিভাস সাংমা ও প্রভাত মারাককে ধরে নিয়ে যায়। এ সময় বিভাসকে নির্যাতন ও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় একই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ময়মনসিংহের ভালুকা কলেজ সংলগ্ন বড় বোনের বাসা থেকে রাজেস মারাককেও ধরে নেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে নিখোঁজ বিভাসের মা বিরলা সাংমা (৬০) প্রথম আলোকে বলেন, বন্য হাতির হাত থেকে ফসল রক্ষার জন্য রাত জেগে পাহারা শেষে ভোর চারটার দিকে বিভাস বিছানায় ঘুমাতে যায়। তিনি দাবি করেন, এর কিছুক্ষণ পরই কালো ও সাদা পোশাকে কয়েকজন লোক বাড়িতে এসে বিভাসকে ডাক দেয়। এ সময় তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়।
বিভাসের খালাতো বোন স্বপ্না হাগিদক (২৮) প্রথম আলোর কাছে অভিযোগ করেন, কালো পোশাকধারী লোকগুলোর জামায় ইংরেজিতে ‘র‍্যাব’ লেখা ছিল। ধরে নেওয়ার সময় বিভাসকে অনেক নির্যাতন করা হয়।
প্রভাত মারাকের একমাত্র মেয়ে প্রমিতা সাংমা (২৫) প্রথম আলোকে বলেন, ‘বাবাকে যেদিন ধরে নিয়ে যায় সেদিন আমরা সবাই ঢাকায় ছিলাম। আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পারি কালো পোশাকধারী কয়েকজন লোক বাবাকে ধরে নিয়ে গেছে। সংবাদ পেয়ে আমরা ঢাকা থেকে চলে আসি। এখন আমরা দুশ্চিন্তায় আছি আমাদের বাবাকে কীভাবে ফিরে পাব? বাবার চিন্তায় মা অসুস্থ হয়ে পড়েছেন।’
নিখোঁজ রাজেসের গজনী গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়ির দুটি ঘরই তালাবদ্ধ ছিল। এ সময় প্রতিবেশী লতিফ মারাক বলেন, রাজেসের সন্ধানে সবাই ময়মনসিংহের ভালুকায় চলে গেছেন।
এ বিষয়ে র‍্যাব ১৪ (শেরপুর-জামালপুর) এর অধিনায়ক মেজর নাইম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। এ সংক্রান্ত কাউকে আটক বা কারও বিরুদ্ধে মামলা করিনি।’ তবে বিষয়টি র‍্যাবের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে জিডি হয়েছে। তদন্ত চলছে।