ঝিনাইগাতীতে ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার, সড়ক অবরোধ-ভাঙচুর
অপহরণ মামলার আসামি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদসহ দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল রোববার ভোরের দিকে ঝিনাইগাতী সদরের নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা শেরপুর-ঝিনাইগাতী সড়ক অবরোধ করেন এবং কয়েকটি দোকান, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর তিনটার দিকে ফারুক আহমদকে (৩৫) ঝিনাইগাতী সদর ও ছাত্রলীগের কর্মী উজ্জ্বল মিয়াকে (২৮) খৈলকুড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে ভোর থেকে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে উপজেলা সদরের আতঙ্কিত ব্যবসায়ীরা সব দোকানপাট বন্ধ করে দেন। পরে বেলা একটার দিকে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেস নাঈম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় শেরপুর থেকে ঝিনাইগাতী সদরে র্যাব ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিকেলে ফারুক আহমেদ ও উজ্জ্বল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর বারোয়ামারী গ্রামের আমীর আলীর ছেলে বাবুল মিয়া ও ফারুক আহমেদের এক আত্মীয় সম্প্রতি স্বেচ্ছায় বিয়ে করেন। ফারুকের পরিবার তা মেনে নেয়নি। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফারুকের সহযোগীরা আমীর আলীকে অপহরণ করেন। বুধবার সন্ধ্যার দিকে ফারুকের সহযোগী আলম মিয়ার বাড়ি থেকে এলাকাবাসী আমীর আলীকে উদ্ধার করেন। আমীর আলী গত শনিবার গভীর রাতে ফারুকসহ সাতজনের বিরুদ্ধে অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, আমীর আলীর করা মামলার ভিত্তিতে ফারুক ও উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছে।