ঝিনাইগাতীতে তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রাম থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ গতকাল শুক্রবার ওই গ্রামের মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই গ্রেনেড উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পুলিশ সুপার মো. আনিসুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ সদস্যরা বাকাকুড়া গ্রামের একটি ডোবার পাশে কয়েক ফুট গর্ত করে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় গ্রেনেড তিনটি উদ্ধার করেন। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সালাহউদ্দিন সিকদার বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা গ্রেনেড কোনো নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য সেখানে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। ২০১২ সালের ২৯ আগস্ট কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকা থেকে চায়নিজ রাইফেলের ১৫১টি গুলি, ২০১১ সালের ৯ মে বাকাকুড়া গ্রাম থেকে ৯৯৫টি গুলি, ১৭ মে গজনী এলাকা থেকে ৩৬৭টি গুলি, ২৯ জুলাই গজনী এলাকার একটি কালভার্টের নিচ থেকে ২৯০টি গুলি, ২৫ আগস্ট বড় গজনী গ্রাম থেকে চায়নিজ রাইফেলের এক হাজার ২১৯টি গুলি এবং ১৩ সেপ্টেম্বর পশ্চিম গান্ধীগাঁও গ্রাম থেকে ২৫০টি গুলি উদ্ধার করেন পুলিশ ও বিজিবির সদস্যরা। এ ছাড়া ২০১০ সালের ১৮ ডিসেম্বর বাকাকুড়া গ্রাম থেকে চায়নিজ রাইফেলের ১৩ হাজার ৬৮০টি তাজা গুলি ও একই বছরের ২৫ ডিসেম্বর ওই গ্রাম থেকে ৯৭টি গুলি উদ্ধার করে বিজিবি।