ঝিনাইগাতীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুর রউফ সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। কাংশা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. আনার উল্লাহর করা মামলায় ঝিনাইগাতী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে কাংশা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. আনার উল্লাহ তাঁর কয়েকজন সমর্থককে নিয়ে গজনী অবকাশকেন্দ্র এলাকায় যান। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুর রউফ সরকারের ২০/২৫ জন সমর্থক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে। এ ঘটনায় আনার উল্লাহ অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর তিনজন সমর্থক আহত হন। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ আনার উল্লাহসহ আহতদের উদ্ধার করে। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পুলিশ আবদুর রউফ সরকারকে গ্রেপ্তার করেছে, অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবসহ পুলিশি অভিযান চলছে।