ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণ ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ শনিবার ঢলের পানিতে ঝিনাইগাতী বাজারসহ ৫ ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়।

ইউনিয়নগুলো হচ্ছে ঝিনাইগাতী সদর, ধানশাইল, গৌরীপুর, হাতিবান্ধা ও মালিঝিকান্দা। এসব এলাকার রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। ঢলের পানিতে বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে টানা ১০ ঘণ্টা ঝিনাইগাতীতে মুষলধারে বৃষ্টি হয়। একই সঙ্গে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে মহারশি নদের রামেরকুড়া এলাকার বেড়িবাঁধের পুরোনো ভাঙা অংশ দিয়ে ঝিনাইগাতী বাজারে প্রবেশ করে। এতে ঝিনাইগাতী বাজারের তিন শতাধিক দোকানে পানি প্রবেশ করে। এ ছাড়া ঝিনাইগাতী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ডাকঘর, সাবরেজিস্ট্রার, নলকুড়া ভূমি কার্যালয়, যুব উন্নয়ন, একটি বাড়ি একটি খামার প্রকল্প, প্রাণিসম্পদ ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের চারপাশের এলাকা প্লাবিত হয়।

পাউবোর জামালপুরের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, বেড়িবাঁধ সংস্কারের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। আশা করা যায়, অর্থ বরাদ্দ পাওয়া গেলে আগামী শুষ্ক মৌসুমে এটি সংস্কার করা সম্ভব হবে। তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আকস্মিক এ ঢলে ঝিনাইগাতী বাজারের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসীর মধ্যে দুর্ভোগ ও ভোগান্তি নেমে এসেছে। ঢলে বিপুল পরিমাণ জমির আমন ধান নিমজ্জিত হয়েছে এবং অর্ধশত পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। ২ হাজার থেকে ৩ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম প্রথম আলোকে বলেন, বর্তমানে তাঁর কার্যালয়সহ ঝিনাইগাতী বাজার এলাকার দোকানপাট দুই থেকে তিন ফুট পর্যন্ত পানিতে নিমজ্জিত আছে। বৃষ্টি না হলে পাহাড়ি ঢলের পানি দ্রুত সরে যাবে বলে আশা করা যায়। এ ছাড়া মহারশি নদের বেড়িবাঁধের ভাঙা অংশে স্থায়ীভাবে সংস্কারের জন্য পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন বলে তিনি জানান।