ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে স্বপ্নের ধান পানিতে

‘এইখানে যে পানি দেখতাছেন, এইটা কোনো বিল না, এইটা হইল ধানি জমি। এইখানে আমরা বোরো আবাদ করছিলাম। কিন্তু পাহাড়ি ঢলের পানিতে পুরা এলাকা ডুইবা গেছে।’
কথাগুলো বলছিলেন কৃষক মো. হযরত আলী (৫৫)। তাঁর বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও গ্রামে। আজ বৃহস্পতিবার দুপুরে পাহাড়ি ঢলকবলিত এই এলাকায় গেলে কথা হয় তাঁর সঙ্গে। তিনি এক একর জমিতে বোরো আবাদ করেছিলেন। এখন পানির নিচ থেকে কাঁচা আর পচা-নষ্ট ধানই কেটে আনছেন।
এ সময় জুলগাঁও এলাকার প্রান্তিক চাষি আজি রহমান (৪৫) বলেন, ‘কৃষিকাজ কইরা সংসার চালাই। ১০ কাঠা (৫০ শতাংশ) জমি বর্গা নিয়া বোরো আবাদ করছিলাম। সব ধান পানির নিচে তলাইয়া গেছে। অহন জমির মালিকরে কী দিমু আর নিজেই বা কী নিমু?’
সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সকালে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে মহারশি নদীর রামেরকুড়া এলাকার বেড়িবাঁধের পুরোনো ভাঙা অংশ দিয়ে ঝিনাইগাতী সদরে প্রবেশ করে। এতে উপজেলার ছয় ইউনিয়নের ৪০ গ্রাম প্লাবিত হয়। কৃষি সম্প্রসারণ বিভাগের প্রাথমিক হিসেবে সাড়ে চার হাজার হেক্টর জমির উঠতি বোরো ফসল পানিতে নিমজ্জিত হয়। অসংখ্য পুকুরের বিপুল পরিমাণ মাছ ভেসে যায় ঢলের পানিতে। পানিবন্দী হয়ে পড়েন বিপুলসংখ্যক মানুষ। অসময়ের বৃষ্টি আর অকালবন্যা এখন কৃষকের চোখের জল হয়ে ঝরছে।
যে মহারশি নদীর বাঁধ ভেঙে এবারের এই ক্ষতি, তা দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় আছে। স্থানীয় এলাকাবাসী মনে করেন, এ বাঁধ সংস্কারে আগাম ব্যবস্থা নিলে এই ক্ষতি রোধ করা যেত। এ বাঁধটি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়ন্ত্রণ করে।
পাউবোর জামালপুরের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেছেন, বেড়িবাঁধ সংস্কারের জন্য ৩২ লাখ টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। তবে এর জন্য অর্থ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দুদিন যাবৎ ঢলের পানি সামান্য কমে যাওয়ায় কৃষকেরা পানিতে ডুবে যাওয়া কাঁচা আর নষ্ট ধান কেটে ফেলছেন। তাঁদের আশা, কিছু ভালো ধান যদি পাওয়া যায়, সেটুকুই লাভ। তবে অধিকাংশ কৃষকই মনে করছেন, অকালবন্যায় অধিকাংশ ফসলই নষ্ট হয়ে গেছে।
উপজেলার রাঙ্গামাটি খাটুয়া গ্রামের মো. আশরাফ আলী (৭০) বলেন, ৭০ বছরের মধ্যে চৈত্র-বৈশাখ মাসে তিনি এমন বন্যা দেখেননি। এ মৌসুমে তিনি আড়াই একর জমিতে বোরো আবাদ করেছিলেন। এখনো তাঁর খেতের সব ধান পানিতে তলিয়ে আছে। এবার ধান পাবেন কি না জানেন না।
ফসল হারানোর এই কষ্টের পাশে এই এলাকার কৃষকের কাছে আরেক দুশ্চিন্তার বিষয় ব্যাংক ও বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তি।
রাঙ্গামাটি খাটুয়া গ্রামের আরেক কৃষক আবদুছ ছালাম (৬০) প্রথম আলোকে বলেন, ‘কৃষি ব্যাংক ঝিনাইগাতী শাখা থাইক্যা (থেকে) ৪০ হাজার টাকা ঋণ নিয়া সাড়ে তিন একর জমিতে বোরো আবাদ করছিলাম। ভাবছিলাম, ভালো ধান পামু, আর সহজেই ঋণ শোধ করমু। কিন্তু ঢলের পানিতে সব ধান নষ্ট হইয়া গেছে। অহন ক্যামনে ব্যাংকের ঋণ শোধ করমু আর ক্যামনে চার ছেলেমেয়ে নিয়া সংসার চালামু ভাবতাছি।’ এ সময় কৃষক ছালাম বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাংকঋণ মওকুফের জন্য সরকারের নিকট আবেদন জানান।
ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন আজ প্রথম আলোকে বলেন, ঢলে এখন পর্যন্ত তিন হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য খয়রাতি সাহায্য (জিআর) হিসেবে ৩০ হাজার টাকা নগদ ও পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ তৈরির প্রক্রিয়া চলছে।