ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী পশ্চিম বাকাকুড়া গ্রামে বন্য হাতির আক্রমণে বাঁশিরাম মারাক (৭০) নামের ক্ষুদ্র জাতিসত্তার এক সদস্য নিহত হয়েছেন। গত সোমবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর গভীর রাতে বন্য হাতির আক্রমণে ঝিনাইগাতীর পশ্চিম বাকাকুড়া গ্রামে বিবিরন বেওয়া (৪৬) নামের এক নারী নিহত হন। এ নিয়ে গত চার মাসে বন্য হাতির আক্রমণে জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে ছয়জনের মৃত্যু হলো।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাস ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতীর গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বাকাকুড়া, ছোট গজনী, বড় গজনী, তাওয়াকুচা ও সন্ধ্যাকুড়া গ্রামে অবস্থান করছে। এই দলের ৫০-৬০টি হাতি গত সোমবার রাত নয়টার দিকে পাহাড় থেকে নেমে উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের লোকালয়ে আসে। এলাকাবাসী হাতির দলের আক্রমণ প্রতিরোধ করতে গেলে একটি হাতি বাঁশিরাম মারাককে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাঁশিরামকে বাঁচাতে গিয়ে তাঁর ভাগনে রূপন মারাকও গুরুতর আহত হন।
কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আনারউল্লাহ বলেন, সোমবার রাতে হাতির দলের আক্রমণে দুজন হতাহত ছাড়াও চার-পাঁচটি বসতঘর ও আনুমানিক ১০ একর জমির ধান নষ্ট হয়েছে। বর্তমানে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক ওই এলাকা পরিদর্শন করে হতাহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানান। এ ছাড়া হাতির আক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, হাতির আক্রমণে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সরকারি নিয়মানুযায়ী অর্থ-সহায়তা দেওয়া হবে। এ ছাড়া এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হবে।