ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী গারোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে একদল বন্য হাতি ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকা থেকে ঝিনাইগাতীর গারো পাহাড়ের লোকালয়ে নেমে আসে। এ সময় নকশী গারোপাড়া এলাকায় একটি হাতি অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে পদপিষ্ট করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঝিনাইগাতী থানার পুলিশকে সংবাদ দেন।
ওই এলাকার গান্ধীগাঁও গ্রামের কাঠ ব্যবসায়ী উমেদ আলী বলেন, হাতির আক্রমণে মারা যাওয়া ব্যক্তিকে মাঝেমধ্যে গারো পাহাড় এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। মানসিকভাবে তিনি অপ্রকৃতিস্থ ছিলেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইগাতীর ইউএনও মোহাম্মদ সেলিম রেজা বলেন, মৃত ব্যক্তির লাশ ঝিনাইগাতী হাসপাতালে রাখা হবে। নাম-পরিচয় ও স্বজনের সন্ধান না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে তাঁর লাশ দাফন করা হবে।