ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমণে উত্তম মারাক (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। উত্তম উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামের মৃত মদন সাংমার ছেলে। গত বুধবার রাতে সন্ধ্যাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ নিয়ে পাঁচ মাসে বন্য হাতির আক্রমণে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে ১২ জন নিহত হলেন। সর্বশেষ গত ১৭ অক্টোবর শ্রীবরদী উপজেলার বালিজুড়ী গ্রামে হাতির আক্রমণে ইয়ার আলী নামের এক বৃদ্ধ নিহত হন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাত সাতটার দিকে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা একদল বন্য হাতি খাবারের সন্ধানে সন্ধ্যাকুড়া গ্রামে এসে তাণ্ডব চালায়। এ সময় হাতির দলকে তাড়াতে গিয়ে উত্তম মারাক হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হলে বুধবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, গতকাল উত্তম মারাককে গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে। এখনো এলাকায় হাতি অবস্থান করছে এবং এলাকাবাসী হাতির আতঙ্কে ভুগছেন।