ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলরেশ সাংমা
পলরেশ সাংমা

শেরপুরের গারো পাহাড়ের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমণে পলরেশ সাংমা (৫৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা ছোট গজনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলরেশ এ গ্রামেরই বাসিন্দা। হাতির তাণ্ডবে নিহত কৃষকের শিমুল আলুখেতটি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে।

এ নিয়ে চলতি বছর শেরপুরের গারো পাহাড় সীমান্তে হাতির আক্রমণে দুজন প্রাণ  হারালেন। এর আগে গত ২২ এপ্রিল গভীর রাতে শ্রীবরদী উপজেলার বালিজুড়ী গ্রামে হাতির আক্রমণে বিরণ মারাক নিহত এবং তাঁর শিশুপুত্র বিজয় সাংমা ও স্ত্রী শৈল সাংমা  গুরুতর আহত হন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে একদল বন্য হাতি খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। হাতির দলটি পলরেশের শিমুল আলুখেতে নেমে তা সম্পূর্ণ বিনষ্ট করে। এ সময় হাতির দলটিকে তাড়ানোর জন্য পলরেশসহ এলাকাবাসী এগিয়ে গেলে হাতির দল পলরেশকে পদপিষ্ট করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত কৃষকের স্ত্রী বেণীতা মারাক বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন বলেন, নিহত কৃষকের পরিবারকে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থসহায়তা করা হবে।

এদিকে উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনারউল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকায় সৌরবিদ্যুতের তারের বেড়া (সোলার পাওয়ার ফেন্সিং) নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণের চার মাসের মাথায় ফেন্সিংয়ে ব্যবহৃত ব্যাটারিগুলো অকেজো হয়ে পড়ায় হাতি তাড়াতে সেগুলো কোনো কাজে আসছে না। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।