ঝিনাইগাতীতে বাঁধ ভেঙে ৫ হাজার মানুষ পানিবন্দী

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী বাজারসহ দশটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব এলাকায় রোপণ করা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর থেকে টানা পাঁচ ঘণ্টা ঝিনাইগাতীতে মুষলধারে বৃষ্টি হয়। সেই সঙ্গে ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ঢলের পানির তোড়ে মহারশি নদীর বেড়িবাঁধের একাংশ ভেঙে ঝিনাইগাতী বাজারসহ বনগাঁও, চতল, বাগেরভিটা, ফাকরাবাদ, কাংশা, দড়িকালিনগর, সারিকালিনগর, পাগলারমুখ, আয়নাপুর ও বগাডুবি গ্রামের শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার সদ্য রোপণ করা আমন বীজতলা পানিতে তলিয়ে গেছে। ঝিনাইগাতী বাজারে অবস্থিত সাবরেজিস্ট্রার ও ডাকঘর কার্যালয়ের চারপাশে পানি প্রবেশ করেছে। ঢলের পানিতে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি শামছুজ্জোহা বলেন, দুপুরের পর আকস্মিক ঢলে ঝিনাইগাতী বাজার এলাকা পানিতে তলিয়ে যায়। প্রায় তিন ঘণ্টা বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে।
ঝিনাইগাতীর পাগলারমুখ গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া বলেন, তিনি ১০ শতাংশ জমিতে আমন বীজতলা রোপণ করেছিলেন। গতকাল ঢলের পানিতে তা তলিয়ে গেছে।
ঝিনাইগাতী সদরের কৃষক সারওয়ার জানান, তাঁর ২০ শতাংশ জমির আমন বীজতলা ঢলের পানিতে তলিয়ে গেছে। পানি সরে গেলে বোঝা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। কয়েকটি এলাকায় আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।