ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী।
এলাকার কয়েকজন জানান, আবেদা ও মোজাম্মেল দম্পতির তিন সন্তান রয়েছে। মোজাম্মেল ঢাকায় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। আবেদা বাড়ির পুকুরসংলগ্ন অল্প জমিতে সবজিখেত করেছিলেন। নিজেই খেতের পরিচর্যা করতেন। সবজিগুলো দ্রুত বেড়ে ওঠার জন্য তিনি খেতে মাচাও (স্থানীয় ভাষা জাংলা) দিয়েছিলেন। ইঁদুরের আক্রমণ থেকে সবজিখেতটি রক্ষার জন্য আবেদা মাঝেমধ্যে ওই মাচায় বিদ্যুতের তারের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখতেন। গত বুধবার রাতেও আবেদা ওই সবজিখেতের মাচায় বিদ্যুতের তারের ফাঁদ পেতে রাখেন। কিন্তু গতকাল সকালে আবেদা বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন না করেই ওই মাচা থেকে সবজি তুলতে যান। ফলে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ধানশাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বিদ্যুতের তারে জড়িয়ে আবেদা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।