ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতীতে ধানখেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন। গতকাল বুধবার উপজেলার দুধনই তালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকেরা হলেন ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা গ্রামের মো. তালেব উদ্দিন (৭০) ও মো. আবদুল খালেক (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে তালেব উদ্দিন ও আবদুল খালেক তাঁদের বর্গা নেওয়া জমিতে রোপা আমন ধান আবাদের জন্য যান। আগে থেকেই ওই জমির ওপর তারসহ বিদ্যুতের একটি খুঁটি পড়ে ছিল। কাজের সুবিধার জন্য তালেব ও খালেক অন্য একটি বাঁশ দিয়ে বিদ্যুতের খুঁটির তারটি সরানোর চেষ্টা করছিলেন। এই সময় তাঁরা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মফিদুল ইসলাম তাঁদের মৃত বলে ঘোষণা করেন।