ঝিনাইগাতীতে বুনো হাতির মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড়ে একটি বুনো হাতি মারা গেছে। গত শনিবার রাতে কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা পানবর গ্রামের একটি ধানখেতে হাতিটির মৃতদেহ পাওয়া যায়।
গতকাল রোববার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ফৌজিয়া কাদির হাতিটির ময়নাতদন্ত করেন। তিনি বলেন, হাতিটির শরীরে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে এটি মারা গেছে।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত সেপ্টেম্বরজুড়ে একদল বুনো হাতি কাংশা ইউনিয়নের ছোট গজনী, বড় গজনী, বাকাকুড়া, গুরুচরণ দুধনই ও পানবর এলাকায় অবস্থান করছিল। হাতির আক্রমণে গত মাসে তিনজনের মৃত্যু হয়। এরপর হাতি আতঙ্কে এসব এলাকার লোকজন নিরাপদ স্থানে সরে যান। শনিবার রাত নয়টার দিকে একদল হাতি গারো পাহাড় থেকে গুরুচরণ দুধনই ও পানবর এলাকায় নেমে আসে এবং ধানখেত ও কয়েকটি বাড়ি লন্ডভন্ড করে। এ সময় এলাকাবাসী মশাল জ্বালালে ও ঢাকঢোল পেটালে হাতির দলটি পাহাড়ের দিকে যায়। পরে ধানখেতে একটি হাতির মৃতদেহ পাওয়া যায়। গতকাল সকালে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন।
জেলা বন্য প্রাণী সংরক্ষণ ও জীব বৈচিত্র্য কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, মৃত হাতিটির বয়স ১২-১৫ বছর। এটি দাঁতাল পুরুষ হাতি।
লেজসহ লম্বায় ১২-১৩ ফুট হতে পারে। হাতিটির মৃতদেহ পানবর গ্রামে মাটিচাপা দেওয়া হয়েছে।