ঝিনাইগাতীতে বোরো আবাদে ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের শীত উপেক্ষা করে শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকেরা এখন বোরো ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে বোরো আবাদের ধুম চলছে। ভোরের আলো ফুটতেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি জমি চাষের কাজ চলছে পুরোদমে। আবার কোনো কোনো খেতে বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। পুরুষ শ্রমিকের পাশাপাশি আদিবাসী নারী শ্রমিকেরাও বোরো আবাদের কাজ করছেন। ইতিমধ্যে উপজেলার সদর, ধানশাইল, কাংশা, নলকুড়া, গৌরীপুর, হাতিবান্ধা, মালিঝিকান্দা ইউনিয়নের কৃষকেরা বোরো আবাদের জন্য তৈরি জমিতে ধানের চারা রোপণ শুরু করেছেন।
ঝিনাইগাতী সদর ইউনিয়নের বালিয়াগাঁও গ্রামের কৃষক সাদ্দাম মণ্ডল বলেন, এবার তিনি তিন একর জমিতে বোরো আবাদ করবেন। সে জন্য ১০ শতক জমিতে বীজতলা তৈরি করেছেন। ইতিমধ্যে এক একর জমির চাষ শেষ হয়েছে। দু-এক দিনের মধ্যেই চারা রোপণ করবেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ১৩ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ২৬৩ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী), ৪ হাজার ৭২৯ হেক্টর জমিতে হাইব্রিড এবং ৪ হেক্টর জমিতে স্থানীয় জাতের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী বলেন, আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।