ঝিনাইগাতীতে বড়দিনের তোরণে আগুন, আটক ১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে নির্মিত তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝিনাইগাতী থানা পুলিশ গতকাল বুধবার আমির হোসেন (৫০) নামে একজনকে আটক করেছে।
পুলিশ সদস্য ও স্থানীয় কয়েকজন জানান, বড়দিন উপলক্ষে গত ২৪ ডিসেম্বর ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামে বাঁশ ও খড় দিয়ে ওই তোরণ নির্মাণ করা হয়। বড়দিনের উৎসবের আনন্দ ধরে রাখার জন্য ওই তোরণটি ভাঙা হয়নি। কিন্তু মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তোরণটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভান। উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নরেশ খুকশী জানান, নির্বাচনী সহিংসতার জের ধরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার গতকাল বিকেল প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।