ঝিনাইগাতীতে মাদ্রাসার ভবন পরিত্যক্ত
ভূমিকম্পে ফাটল ধরায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও শিশু সদনের (এতিমখানা) তিনতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে প্রশাসন। ফলে চার শতাধিক ছাত্র নিয়ে বিপাকে পড়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালে এলাকাবাসীর আর্থিক সহায়তায় এই মাদ্রাসা ও শিশু সদনটি স্থাপিত হয়। মাদ্রাসায় হেফজ বিভাগসহ প্রথম শ্রেণি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ৪৫০ জন ছাত্র লেখাপড়া করছে। এ ছাড়া মাদ্রাসায় শিক্ষকসহ ২২ জন কর্মচারী রয়েছেন। এলাকাবাসীর অনুদানে মাদ্রাসার আর্থিক ব্যয় মেটানো হয়।
গত ২৫ এপ্রিল ভূমিকম্পে মাদ্রাসার তিনতলা ভবনের কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে উপজেলা প্রকৌশলীসহ অন্য কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেন। পরে ছাত্রদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এতে ওই ছাত্রদের নিয়ে বিপাকে পড়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসার মোহ্তামিম মুফতি খালিছুর রহমান জানান, এই মাদ্রাসা ও শিশু সদনটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত। ২১ মে কওমি মাদ্রাসার বার্ষিক বোর্ড পরীক্ষা শুরু হবে। কিন্তু ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন বিকল্প ব্যবস্থায় ছাত্রদের বিভিন্ন মসজিদ ও বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া প্রতিদিন এ মাদ্রাসায় ১৫০ জন এতিম ও অসহায় ছাত্রকে বিনা মূল্যে খাবার দেওয়া হয়। কিন্তু ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় এ কাজেও বিঘ্ন ঘটছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করতে প্রায় দুই কোটি টাকা ব্যয় হবে। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে এ টাকা সংগ্রহ করা অসম্ভব। তাই মাদ্রাসাটিকে রক্ষার জন্য সরকারি-বেসরকারি ও বিত্তবানদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, ছাত্রদের নিরাপত্তার স্বার্থে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকারি পর্যায়ে কোনো কওমি মাদ্রাসাকে সহযোগিতা করার সুযোগ নেই। তাই বেসরকারি উদ্যোগে নতুন ভবন নির্মাণের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।