ঝিনাইগাতীতে সম্মাননা পেলেন তিন নারী মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪৫ বছর পর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটি খাটুয়াপাড়া গ্রামের তিন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে তাঁদের সম্মাননা দেওয়া হয়।
এই তিন নারী হলেন রাঙ্গামাটি খাটুয়াপাড়া গ্রামের আয়শা খাতুন, বিবি হাওয়া ও শরফুলি বেগম। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা। এ সময় তিনি ওই তিন নারীর হাতে সম্মানী ভাতার চেক তুলে দেন। তাঁদের প্রত্যেককে ছয় মাসের ভাতা বাবদ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান, সহসভাপতি মো. জাকির হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী মিনারা খাতুন প্রমুখ বক্তৃতা করেন।
চেক হাতে পেয়ে আয়শা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘বহুদিন পরে হইলেও শেখের বেটি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যে আমগর খবর নিল, তা কোনো দিন ভুলমু না। স্বামী হারাইয়া যে দুঃখ-কষ্ট পাইছিলাম, পাক বাহিনীর হাতে যেইভাবে নির্যাতিত হইছিলাম, আজ সম্মান পাইয়া কিছুটা হইলেও দুঃখ কমছে।’
জানা গেছে, ১৯৭১ সালের ৬ জুলাই মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হাসানের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা ডিনামাইট মেরে ঝিনাইগাতী-শেরপুর সড়কে কাটাখালী সেতু উড়িয়ে দেন। ভোর হয়ে আসছে দেখে নাজমুলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাশের রাঙ্গামাটি খাটুয়াপাড়া গ্রামে আশ্রয় নেন। স্থানীয় রাজাকার জালাল মিস্ত্রির মাধ্যমে এ সংবাদ পেয়ে হানাদার বাহিনী ওই গ্রামে গিয়ে নয়জনকে গুলি করে হত্যা করে। হানাদার বাহিনীর আক্রমণ প্রতিরোধ করতে গিয়ে নাজমুল হাসান প্রাণ হারান। এ সময় হানাদার বাহিনীর সদস্যরা রাঙ্গামাটি খাটুয়াপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের ধর্ষণ করে। তাঁদের মধ্যে আয়শা খাতুন, বিবি হাওয়া, শরফুলি বেগমসহ আটজন আজও বেঁচে আছেন।