ঝিনাইগাতীতে সেতুর অভাবে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ
দীর্ঘদিন সংস্কার না করায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের কাঠের সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এতে ওই মালিঝিকান্দা ইউনিয়নের ছয় গ্রামের দুই হাজার মানুষকে সাঁকোটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এই অবস্থায় তারা এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের বন্যায় তিনআনী বাজার-কলসপাড় গ্রামীণ সড়কের রাঙ্গামাটিয়া অংশে দুই শ ফুট ধসে যায়। এতে সেখানে একটি বড় খালের সৃষ্টি হয়। এলাকায় খালটি ‘মালিঝি খাল’ হিসেবে পরিচিতি পায়। চারদলীয় জোট সরকারের আমলে স্থানীয় সাংসদ মাহমুদুল হকের উদ্যোগে ওই খালের ওপর প্রায় দুই শ ফুট দীর্ঘ একটি কাঠের সাঁকো তৈরি করে দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন সংস্কার না করায় সাঁকোটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাঁকোটির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে রাঙ্গামাটিয়া, ঘোষগাঁও, বামোনতলা, কলসপাড়, খাটুয়াপাড়া ও কালীপাড়া গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সেতুর এই দুরবস্থার কারণে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকদের বেশি সমস্যা হচ্ছে।
খাটুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফ আলী বলেন, রাঙ্গামাটিয়াসহ এই ছয়টি গ্রাম উপজেলার শেষ প্রান্তে। তাই গ্রামগুলো খুবই অবহেলিত। সাঁকো পারাপার ছাড়া এসব গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াতের বিকল্প কোনো পথ নেই।
ঘোষগাঁও গ্রামের কৃষক আবদুর রহিম বলেন, ছয় গ্রামে কৃষকদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য বাজারজাত করার জন্য এ সাঁকো পার হওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাই অতিরিক্ত অর্থ ব্যয় করে উৎপাদিত ফসল বাজারজাত করতে হয়।
খাটুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আতিকুল ইসলাম বলে, ‘বর্ষায় খালটিতে প্রচণ্ড স্রোত থাকে। তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোর ওপর দিয়ে স্কুলে যাতায়াত করি। তাই এ খালের ওপর একটি পাকা সেতু করে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।’
মালিঝিকান্দা ইউপির চেয়ারম্যান মো. শফিউদ্দিন প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর কষ্ট দূর করতে মালিঝি খালের ওপর পাকা সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি একাধিকবার আবেদন করেছেন।
ঝিনাইগাতীর উপজেলা প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, মালিঝি খালের ওপর পাকা সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সেখানে সেতু নির্মাণ করা হবে।