ঝিনাইগাতীর তেঁতুলতলা সেতু আট বছরেও পুনর্নির্মিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা ও পাহাড়ি ঢলে বিধ্বস্ত হওয়ার আট বছর পরও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তেঁতুলতলা খালের ওপর সেতুটি পুনর্নির্মাণ করা হয়নি। ফলে দীর্ঘ প্রায় এক দশক ধরে পাইকুড়া-কুরুয়া-ভেলুয়া সড়কপথে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে।সেতুটি পুনর্নির্মিত না হওয়ায় তেঁতুলতলা গ্রামসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ শেরপুর জেলা সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে।এলজিইডি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন পাহাড়ি নদী ও বিলের পানি নিষ্কাশনের জন্য আশির দশকে হাতীবান্ধা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের খালের ওপর ৬০ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। এ সেতুর ওপর দিয়ে তেঁতুলতলা গ্রামসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ সহজেই শেরপুর জেলা সদর, ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় যাতায়াত করতে পারত। কিন্তু ২০০৩ সালের ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলের প্রবল পানির তোড়ে সেতুটির মাঝখানের অংশ দেবে যায়। দেবে যাওয়া অংশে সংস্কার না করায় পরবর্তী সময়ে ওই সেতুটি সম্পূর্ণরূপে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ১৮ অক্টোবর ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামে গেলে স্থানীয় শিক্ষক খন্দকার হাবিবুর রহমান বলেন, তেঁতুলতলা গ্রামের এ সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আট বছর আগে বন্যায় সেতুটি দেবে যাওয়ার পর বর্তমানে তা সম্পূর্ণরূপে ধসে পড়েছে। বারবার আবেদন নিবেদন করার পরও কর্তৃপক্ষ এখনো সেতুটি পুনর্নির্মাণ করেনি।উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আশরাফ আলী বলেন, বন্যায় তেঁতুলতলা সেতুটি ধসে পড়ার প্রায় এক দশক পরও তা পুনর্নির্মাণ না করায় এলাকাবাসীর উদ্যোগে নির্মিত ভাঙাচোরা সাঁকোর ওপর দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান বলেন, ‘তেঁতুলতলা সেতুটি পুনর্নির্মাণ করা খুবই জরুরি।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শেরপুরের নির্বাহী প্রকৌশলী শেখ মোজাক্কা জাহের বলেন, ২০১০-২০১১ অর্থবছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৯০ মিটার দীর্ঘ তেঁতুলতলা সেতুটি নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। কিন্তু বর্ষা মৌসুমে খালটি পানিতে ভরা থাকায় যথাসময়ে নির্মাণকাজ শুরু করা যায়নি। চলতি শুষ্ক মৌসুমে দ্রুতই এ সেতুর নির্মাণকাজ শুরু করা হবে বলে তিনি জানান।