ঝিনাইগাতীর সেই গ্রাম থেকে আবার ৯৯৫টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সেই গ্রাম থেকে আবারও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার কাংশা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বাকাকুড়া গ্রাম থেকে পুলিশ ৯৯৫টি গুলি উদ্ধার করে। এর আগে গত বছরের ডিসেম্বরে একই গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র, রাইফেলের ১৩ হাজার গুলি ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাগজপত্র উদ্ধার করা হয়।ঝিনাইগাতী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোহাম্মদ আলী ও তাঁর সহযোগী আশরাফুল ইসলামের বিরুদ্ধে শেরপুর সদর ও ঝিনাইগাতী থানায় চুরি, ছিনতাই ও দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ছয়টার দিকে ওই গ্রামে পুলিশ অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আলীর বসতভিটার মাটি খুঁড়ে প্লাস্টিকের বস্তায় রাখা রাইফেলের ৯৯৫টি গুলি উদ্ধার করা হয়।শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, মোহাম্মদ আলী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সজীব খান বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।গত বছরের ২৫ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঝিনাইগাতীর নকশী সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই গ্রামের গারো পাহাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি মাইন, একটি গ্রেনেড, ৯৭টি গুলি, মাইন বিস্ফোরক যন্ত্রপাতি, ভারতীয় রুপিসহ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করে। একই বছরের ১৮ ডিসেম্বর বাকাকুড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ রাইফেলের ১৩ হাজার ৬৮০টি তাজা গুলি উদ্ধার করে। তবে এসব ঘটনায় তখন কেউ গ্রেপ্তার হয়নি।২০০৭ সালের ১৩ সেপ্টেম্বরে তৎকালীন বিডিআরের সদস্যরা ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম থেকে ২৯ হাজার ১০০ গুলি উদ্ধার করে। সে সময় বিডিআর রাসেল সাংমা নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি নিজেকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠনের সদস্য বলে দাবি করেন। ২০০৯ সালের ২৬ আগস্ট শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।