ঝিনাইদহ, দিনাজপুর ও বগুড়ায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে গতকাল বুধবার ও মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মা-ছেলে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় ঝিনাইদহগামী একটি ট্রাক মাদ্রাসার শিক্ষক শরিফুল ইসলামকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। মঙ্গলবার রাত নয়টার দিকে কোটচাঁদপুর শহরের উপজেলা অডিটরিয়ামের সামনে একটি ট্রাক পথচারী সামছুল হককে চাপা দিলে তিনিও ঘটনাস্থলেই নিহত হন। হাকিমপুর (দিনাজপুর): গতকাল ভোর ছয়টার দিকে দিনাজপুরগামী হানিফ এন্টারপ্রাইজের কোচ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফ এন্টারপ্রাইজের চালক আবুল কাশেম (৪০) ও ট্রাকচালক আবদুর রাজ্জাক (৩৮) নিহত ও আটজন আহত হন। শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে মোকামতলা-সোনাতলা সড়কে মঙ্গলবার সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মা নাহার বেগম (৩৫) ও ছেলে নাফিজ আহমদ (৭) ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন ছয়জন। নিহত নাহার বেগম গাইবান্ধার সাঘাটার শাহাদৎ হোসেনের স্ত্রী।