ঝিনাইদহ ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ঝিনাইদহের শৈলকুপা ও নেত্রকোনা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: নেত্রকোনার হাওর এলাকায় ধান কাটা শেষে গতকাল বুধবার ৩২ জন শ্রমিক ট্রাকে করে খুলনার কয়রায় ফিরছিলেন। সকালে ট্রাকটি ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপায় বড়দাহ মাদ্রাসার সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় চালকের সহকারী রফিক ঘটনাস্থলেই নিহত ও ১৫ জন শ্রমিক আহত হন। রফিকের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। নেত্রকোনা: নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশায় মঙ্গলবার রাতে ধানবোঝাই একটি ট্রাক উল্টে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত নেয়ামত আলী শেখের (৩৮) বাড়ি খুলনার কয়রা উপজেলার চাপালিয়া গ্রামে। আহত ব্যক্তিদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে।