ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ-সমর্থিত প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। এদিকে ঝিনাইদহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটি কেন্দ্রে গোলযোগ হয়েছে।ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাইদুল করিম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৭ হাজার ২৪৪ ভোট। অন্যদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী আক্তারুজ্জামান পেয়েছেন ১৬ হাজার ৬৯৫ ভোট।আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক পেয়েছেন চার ৯৭৮ ভোট, আর জামায়াত-সমর্থিত প্রার্থী ইসমাইল হুসাইন পেয়েছেন পাঁচ হাজার ৮৯১ ভোট।নির্বাচনে কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এদিকে ভোট গ্রহণ চলাকালে বিএনপি-সমর্থিত প্রার্থী আক্তারুজ্জামান অভিযোগ করেন, আরাবপুর এলাকার বেশ কয়েকটি কেন্দ্রে তাঁর পক্ষের লোকজনকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, রকিব উদ্দিন স্কুল, পথকলি, শিশুকুঞ্জসহ কয়েকটি ভোটকেন্দ্র এলাকায় তাঁর কর্মীদের বসার স্থান ভেঙে দিয়েছে প্রশাসন।রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর শহরের পবহাটি মোড়ে নির্বাচনী সহিংসতায় যুবলীগের তিন কর্মী নিহত হওয়ার পর ১৩ জানুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. হেলাল উদ্দিন ২৬ হাজার ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র হাফিজুর রহমান মোল্লা পেয়েছেন ২১ হাজার ১৭৮ ভোট। এদিকে হাফিজুর রহমান মোল্লা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে পাঁচটি কেন্দ্র দখলের অভিযোগ এনেছেন। দুপুর দেড়টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান মোল্লার বাড়িসংলগ্ন সরকারি কলেজ কেন্দ্রের সামনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। আর্মড পুলিশ ও র্যাব সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। হাফিজুর রহমান মোল্লার ছোট ভাই কবির মোল্লার অভিযোগ, একপর্যায়ে আর্মড পুলিশ হাফিজুর রহমান মোল্লার বাড়িতে ঢুকে তাঁর সমর্থকদের মারধর করে।ককটেল বিস্ফোরণের সময় চার-পাঁচজন ব্যক্তি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সফিউল আলমকে মারধর করে প্রায় আড়াই শ ব্যালট পেপারে চশমা প্রতীকে সিল মারে। ব্যালটগুলো বাক্সে ঢুকানোর সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান তাঁদের ধরে ফেলেন। পরে প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হালিম ব্যালট পেপারগুলো জব্দ করেন। পুলিশ এ সময় হাফিজুর রহমান মোল্লার পোলিং এজেন্ট আকরাম হোসেনকে আটক করেন। তবে হাফিজুর রহমান মোল্লা তাঁর প্রতীকে সিল মারার ঘটনাটিকে প্রশাসনের সাজানো বলে দাবি করেন।জেলা প্রশাসক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারিতে সারা দেশে পৌরসভার নির্বাচন হলেও সীমানা নিয়ে জটিলতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন আটকে যায়।