ঝিনাইদহ ও মাগুরায় দুই প্রার্থীর ভোট বর্জন
অনিয়ম, কেন্দ্রে যেতে বাধা ও হুমকির অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম ভোট বর্জন করেছেন।
এদিকে এজেন্ট বের করে কেন্দ্র দখলে নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা, ভয়ভীতি দেখানো, ভোটকেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়াসহ নানা অভিযোগে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন নির্বাচন বর্জন করেছেন।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মহেশপুর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের অভিযোগ, কয়েকটি স্থানে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। আর ভোটকেন্দ্রে যেতে বাধা ও হুমকি প্রদানের অভিযোগ করেছেন যাদবপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম। তিনি দুপুরের পর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এদিকে মাগুরায় জগদল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন গতকাল বেলা একটার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। জাহিদ হোসেন অভিযোগ করেন, ইউনিয়নে মোট ১০টি ভোটকেন্দ্রের ৫১টি ভোটকক্ষ (বুথ) থেকে সকালে ভোট শুরুর পরপরই আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলামের লোকজন ভয়ভীতি দেখিয়ে তাঁর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখলে নিয়ে নেন। এ সময় তাঁরা কেন্দ্রে আসা ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করেন।