ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ৭
ঝিনাইদহের শৈলকুপা ও মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোরে শৈলকুপার শেখপাড়া বাজার থেকে ৮ থেকে ১০ জন পান ব্যবসায়ী পান কিনে বেবিট্যাক্সিতে করে ঝিনাইদহের হলিধানী বাজারের উদ্দেশে রওনা দেন। ভোর ছয়টার দিকে তাঁরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে শৈলকুপার দুধস্বরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক বেবিট্যাক্সিটিকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। বেবিট্যাক্সিতে থাকা যাত্রীরাও রাস্তায় ছিটকে পড়েন। ট্রাকটি তাঁদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শৈলকুপার কানাপুকুরিয়া গ্রামের আমুন হোসেন (৩৫), শফিকুর রহমান (৩২), রেজাউল ইসলাম (৪০) ও মজিবুর রহমান (৪২) নিহত হন। আহত হন আরও চারজন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশের লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্তের পর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটকের চেষ্টা করছে।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে পণ্যবাহী একটি ট্রাক উল্টে দুটি সিএনজিচালিত অটোরিকশার ওপরে পড়লে এ দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দোস্ত গ্রামের মন্টু মিয়া (৪০), কুমিল্লার নড়িয়াবাদ গ্রামের অঞ্জলী রানি সাহা (৫২) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড়সাস্তি গ্রামের প্রত্যয় সাহা (১২)।
ভচেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী ভুট্টাবাহী একটি ট্রাক জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাকের চাকা বিস্ফেরিত হয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে পাশের সিএনজিচালিত অটোরিকশার ওপরে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। লাশ তিনটি উদ্ধার করে ভচেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।