ঝিনাইদহ ও যশোরে ১১টি আগ্নেয়াস্ত্র, ১৩ বোমা উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে গতকাল রোববার ১০টি আগ্নেয়াস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে র্যাব সদস্যরা ঝিনাইদহে পৃথক অভিযান চালিয়ে ১৩টি বোমা, একটি শাটারগান ও সাতটি রামদা উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করেছে।
২৩ বিজিবি সূত্র জানায়, বিজিবির জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে বারোপোতা এলাকায় অবস্থান নেন। এ সময় চোরাচালানি চক্র ১০টি আগ্নেয়াস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি এয়ার রাইফেল ও পাখি শিকারের পাঁচটি বন্দুক।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সূত্র জানায়, র্যাব সদস্যরা রোববার ভোরে সদর উপজেলার খাজুরা গ্রামে অভিযান চালিয়ে একটি শাটারগান, একটি গুলি, নয়টি বোমাসহ টোকন নামের এক ব্যক্তিকে আটক করে। এছাড়া শনিবার সন্ধ্যায় পোড়াহাটি গ্রাম থেকে চারটি বোমা, সাতটি রামদাসহ মিঠু বিশ্বাস নামের এক যুবককে আটক করা হয়।