ঝিনাইদহ ও রংপুরে দুজন খুন, পাবনায় লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় গত শনিবার ভাইয়ের লাঠির আঘাতে খুন হয়েছেন তৈয়ব আলী (৪৮) নামে এক ব্যক্তি। রংপুরের বদরগঞ্জে বিয়ের আসরে অস্ত্রের আঘাতে আহত নজমুল হক (৩৬) গত শনিবার হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া পাবনার সদর উপজেলা থেকে গতকাল রোববার মোবারক হোসেন (২৭) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর।ঝিনাইদহ: হরিণাকুণ্ডু উপজেলার পেশীনগর গ্রামে শনিবার সকাল ১০টার দিকে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে তৈয়ব আলী ও তাঁর বড় ভাই ওমেদ আলীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওমেদ আলী লাঠি দিয়ে পিটিয়ে তৈয়ব আলীকে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তৈয়ব আলীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় তিনি সেখানে মারা যান। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় তৈয়ব আলীর ছেলে শাহজাহান আলী হত্যা মামলা করেছেন। ওমেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।বদরগঞ্জ (রংপুর): গত শুক্রবার রাতে উপজেলার বুজরুক বাগবাড় মণ্ডলপাড়া গ্রামের অমিছা খাতুনের সঙ্গে একই গ্রামের আবদুর রাজ্জাকের বিয়ে হয়। বিয়ের আসরে বরকে মালা পরানো নিয়ে বরপক্ষের সঙ্গে কনের চাচা বাচ্চু মণ্ডলের কথাকাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতিও হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন কনের মামা নজমুল হক। এতে নজমুলের ওপর ক্ষুব্ধ হন বাচ্চু মণ্ডল। একপর্যায়ে বিয়ের আসরেই কয়েক ব্যক্তি নজমুলকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রাতেই নজমুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তিনি সেখানে মারা যান।বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।পাবনা: গতকাল সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামের কবরস্থানের পাশে রক্তাক্ত অবস্থায় মোবারকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, মোবারক নিষিদ্ধ-ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় একটি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে। তিনি আরও বলেন, মোবারকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মোবারকের ভাই মুকুল হোসেন হত্যা মামলা করেছেন।