ঝিনাইদহ ও রামগড়ে পৌর নির্বাচন বাতিল
ঝিনাইদহ সদর ও খাগড়াছড়ির রামগড় পৌরসভার নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। সহিংসতা ও সম্ভাব্য প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।সাখাওয়াত হোসেন জানান, বিদ্যমান পরিস্থিতি সন্তোষজনক না হওয়ায় গতকালের কমিশন বৈঠকে এই দুই পৌরসভার নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দুটি পৌরসভার জন্য পরে নতুন তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ঝিনাইদহ পৌরসভায় নির্বাচনী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও কমিশনের নিজস্ব কর্মকর্তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের সময় এক ব্যক্তিকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রামগড় পৌরসভার নির্বাচন বাতিল করা হয়েছে।কমিশন সূত্র আরও জানায়, অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে ঢাকার সাভার এবং ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা) প্রত্যাহার করে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। পরশুরামের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রার্থীর দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে ফেনী জেলা প্রশাসককে সতর্ক করা হয়েছে। অসৌজন্যমূলক আচরণের কারণে চট্টগ্রামের রাউজান ও কুষ্টিয়ার মিরপুরের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে।সৈয়দপুরে নির্বাচন স্থগিত: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভোটার তালিকা নিয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করে এ আদেশ দেন।জানা যায়, আটকে পড়া ১২ হাজার ৯৫৭ জন পাকিস্তানির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী আরিফুন নাহার রিট আবেদনটি করেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মতিউর রহমান ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। ১২ জানুয়ারি সেখানে ভোট গ্রহণের দিন ধার্য আছে।