ঝিনাইদহ ও সাতক্ষীরায় গ্রেপ্তার ৬৩
ঝিনাইদহ ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ঝিনাইদহে গ্রেপ্তার হয়েছেন জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীসহ ৩৬ জন। সাতক্ষীরায় গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত অভিযানগুলো পরিচালিত হয়।
ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত সুপার আজবাহার আলী শেখ বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাতে অভিযানগুলো পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
অতিরিক্ত সুপার আরও বলেন, পুলিশের বিশেষ অভিযানে গত আগস্ট মাসে ঝিনাইদহে ১ হাজার ১১৫ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের ১০০ নেতা-কর্মী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ২৬৭ জন। আর বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৮ আসামিসহ মোট ৮৪৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের সবাইকেই কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, এই জেলায় সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থেকে ৫ জন, আশাশুনি থেকে ৩ জন, তালা ও কালিগঞ্জ থেকে ২ জন করে এবং দেবহাটা, পাটকেলঘাটা ও শ্যামনগর থেকে ১ জন করে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।