ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ পৌর শহরে নির্মিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনার l ছবি: প্রথম আলো
ঝিনাইদহ পৌর শহরে নির্মিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনার l ছবি: প্রথম আলো

ঝিনাইদহ পৌর শহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হচ্ছে আজ শনিবার। শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ এটি উদ্বোধন করবেন। শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার প্রেরণা চত্বরে পৌরসভার উদ্যোগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।
পৌর মেয়র সাইদুল করিম বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুর করে আলতাফ মাহমুদ অমর হয়ে আছেন। তাঁর কন্যা শাওন মাহমুদ এই প্রথম কোনো শহীদ মিনার উদ্বোধন করছেন। এ সময় উপস্থিত থাকবেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাব হোসেন প্রমুখ।
পৌরসভা সূত্র জানায়, শহীদ মিনারটির উচ্চতা ৪৬ ফুট। এটি নির্মাণ করতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে।
গত নভেম্বরে শহীদ মিনারটির নির্মাণ শুরু হয়। আগামীকাল রোববার (২১ ফেব্রুয়ারি) ঝিনাইদহের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন। সে উপলক্ষে এটি সাজানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও ঝিনাইদহে একটি দর্শনীয় শহীদ মিনার হয়েছে। সারা বছর যেন এটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সে ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’