ঝিনাইদহ পুলিশের উপস্থিতিতে পৌর ভবন থেকে দরপত্র বাক্স ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ পৌর ভবন থেকে গতকাল মঙ্গলবার দরপত্র বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পৌরসভার হাট-বাজার ইজারার জন্য ওই দরপত্র আহ্বান করা হয়েছিল। পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।পৌরসভার একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ঝিনাইদহের সাপ্তাহিক হাট, পশুর হাট, কলার হাট ও পানের হাটের ইজারার জন্য দরপত্র জমা দেওয়ার সময় ছিল গতকাল দুপুর একটা পর্যন্ত। দুপুর সাড়ে ১২টার দিকে ১২-১৩টি মোটর সাইকেলযোগে ২০-২৫ জন দুর্বৃত্ত পৌর ভবনের সাধারণ শাখায় রক্ষিত দরপত্র বাক্স ছিনতাই করে। পৌর ভবনের সীমানার বাইরে গিয়ে তারা বাক্স ভেঙে অন্যান্য ঠিকাদারের জমা দেওয়া দরপত্রগুলো নিয়ে চলে যায়। এ সময় দরপত্র বাক্সের নিরাপত্তায় থাকা পুলিশের চারজন সশস্ত্র সদস্য দুর্বৃত্তদের বাধা দেননি। পরে পুলিশ ভাঙা বাক্সটি উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, দুর্বৃত্তরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত। তাই কেউ তাদের নাম প্রকাশ করতে চাইছে না। এ কারণে পুলিশও তাদের বাধা দেয়নি।পৌর মেয়র আবদুল মালেক জানান, ঘটনার সময় তিনি সভায় ব্যস্ত ছিলেন। ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, পুলিশ কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা দরপত্র বাক্সটি ছিনিয়ে নেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।