ঝিনাইদহকে মাদকমুক্ত করার ঘোষণা পুলিশ সুপারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশে বক্তৃতাকালে গতকাল শনিবার ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি মাদকের সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে দেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

 ‘মাদক বিক্রি ও সেবন বন্ধ করো’ স্লোগানে গতকাল ঝিনাইদহে মাদকবিরোধী এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহ নামের একটি সংগঠনের ব্যানারে সুধীজনেরা শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন করেন। পরে একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন মাদক প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মিজানুর রহমান। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কলেজশিক্ষক বাদশা আলম, আইনজীবী ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা লোটন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহের সদস্যসচিব সামছুল আলম।

সমাবেশ ও মানববন্ধনে নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। মাদকবিরোধী স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কের দুই ধারে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশে হাজির হন তাঁরা।

ঝিনাইদহ জেলায় মাদকের ভয়াবহতা প্রতিরোধ করার জন্য গঠন করা হয়েছে মাদক প্রতিরোধ আন্দোলন ঝিনাইদহ নামের সংগঠন।