
কৃষিপ্রধান ঝিনাইদহের নবগঙ্গা নদী বাঁচাতে এবং এ এলাকার আর্থসামাজিক উন্নয়নে রেললাইন স্থাপন জরুরি। এসব কাজে প্রথম আলো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। পত্রিকায় এ-সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহের বিশিষ্টজনেরা।
গত মঙ্গলবার প্রথম আলোর আয়োজনে এক সুধী সমাবেশে বক্তারা এসব দাবি তুলে ধরেন। সুধী সমাবেশে ঝিনাইদহের নানা সমস্যা ও সম্ভাবনার কথাও উঠে আসে। ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন এইড কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
আলোচনায় প্রথম আলো সম্পাদক ঝিনাইদহের সমস্যা ও সম্ভাবনার কথা জানার আগ্রহ প্রকাশ করেন।
কবি আবু বক্কর বলেন, ‘আগামীর পৃথিবীটা আরও সুন্দর করার ক্ষেত্রে প্রথম আলো অগ্রণী ভূমিকা পালন করবে এটা আমরা প্রত্যাশা করি।’ তিনি বলেন, ঝিনাইদহে রেলযোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন। আর এ ব্যাপারে প্রথম আলো শক্ত ভূমিকা রাখতে পারে। আবু বক্কর আরও বলেন, কৃষিপ্রধান এলাকা ঝিনাইদহ। রেললাইন প্রতিষ্ঠা হলে কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনে সুবিধা বাড়বে। সেই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণের জন্য এই এলাকায় একটি হিমাগার প্রতিষ্ঠার প্রয়োজন। প্রথম আলো এই সমস্যা ও সুবিধার কথা তুলে ধরতে পারে।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন এইডের সভাপতি ইসরাইল হোসেন। এতে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক যুগান্তর-এর সাংবাদিক মিজানুর রহমান, সমাজকর্মী হাফিজুর রহমান, শিবু পদ বিশ্বাস প্রমুখ।
সাংবাদিক মিজানুর রহমান বলেন, নবগঙ্গা নদী দখল হতে হতে এখন মৃতপ্রায়। প্রভাবশালীরা দখল করছে, প্রশাসন সেদিকে নজর দেয় না। এই নদী বাঁচলে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। আর তাই প্রথমেই নদীটি দখলমুক্ত করতে হবে। এ বিষয়ে প্রথম আলো ভূমিকা রাখবে বলে ঝিনাইদহবাসী আশা করে।
ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন বলেন, ঝিনাইদহে কলকারখানা নেই। ফলে বেকারত্বের সমস্যা দূর হচ্ছে না। সেই সঙ্গে আছে বিদ্যুৎ সমস্যা। এতে জনজীবনে দুর্ভোগ বাড়ছে।
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মনোয়ার হোসেনসহ বক্তাদের কয়েকজন প্রথম আলো নিয়ে তাঁদের নানা কৌতূহল ও জিজ্ঞাসা তুলে ধরেন। প্রথম আলো সম্পাদক তাঁর বক্তৃতায় তাঁদের এসব জিজ্ঞাসার জবাব দেন। তিনি বলেন, ঝিনাইদহবাসীর সব সমস্যা ও সম্ভাবনায় প্রথম আলো তাদের পাশে থাকবে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের মানোন্নয়ন, সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক বিমল সাহা বলেন, প্রতিটি জেলায় থাকা সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করা প্রয়োজন। এ ছাড়া বিভিন্ন সময়ে ঘটে যাওয়া সাংবাদিক নির্যাতনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সৎ ও সাহসী সাংবাদিকতা করতে গেলে বাধা-বিপত্তি আসবে। আর এ থেকে রক্ষা করবে সাংবাদিকদের ঐক্য, যা ঝিনাইদহের সাংবাদিকরা দেখিয়েছেন।
প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে আদালত থেকে জামিন নেন মতিউর রহমান। এরপর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা হয়। মতিউর রহমান বলেন, সাংবাদিকদের মানউন্নয়নে আমাদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে ঝিনাইদহের সাংবাদিকরা ভুমিকা নিলে প্রথম আলো তাদের সঙ্গে থাকবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক ইনকিলাবের মোস্তফা মাজেদ, ইউএনবির আমিনুর রহমান, দৈনিক নবচিত্রের প্রকাশক শহিদুল ইসলাম, কালের কণ্ঠের এম সাইফুল মাবুদ, এটিএন বাংলার নিজাম জোয়ারদার, নিউ এজ পত্রিকার দেলোয়ার কবীর, জনকন্ঠের এম রায়হান, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার আসিফ ইকবাল কাজল, জনতার আজিজুর রহমান, হরিনাকুন্ডুর শাহিনুর আলম, সাউফুজ্জামান তাজু, শৈলকুপার মাহমুদুল হাসান, কালীগঞ্জের জামির হোসেন, নয়ন খন্দকার প্রমুখ। সভায় জেলার শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান। পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।