ঝিনাইদহে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে হানিফের জনসভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের জনসভা পণ্ড হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে শহরের পায়রা চত্বরে জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফসহ বেশ কয়েকজনের বক্তৃতা দেওয়ার কথা ছিল। বিকেল পাঁচটার দিকে হানিফ মঞ্চে এসে উপস্থিত হন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবদুল হাই প্রমুখ। স্থানীয় নেতা নাসের শাহরিয়ার জাহেদীর বক্তৃতার সময় জনসভার দক্ষিণ পাশ থেকে আসে স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল খালেকের সমর্থনে একটি মিছিল। মিছিলটি মঞ্চের কাছে আসামাত্র দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাইদুল করিমের সমর্থকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় উভয়পক্ষ একে ওপরের ওপর হামলা চালায়। সভামঞ্চ ও গেট ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় পোস্টার-ব্যানারে। উত্তেজিত কর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ১২টি ইজিবাইক ও নয়টি মোটরসাইকেল ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের তিনটি শেল নিক্ষেপ করে। এ সময় হানিফসহ কেন্দ্রীয় নেতারা বক্তৃতা না করেই সভামঞ্চ ত্যাগ করতে বাধ্য হন। সংঘর্ষে সেলিম রেজা, কালু মিয়া, শরিফুল ইসলাম, রফিকুল ইসলামসহ অন্তত ২৫ জন আহত হন। এ সময় অহর আলী, ডাবলু মিয়া, জিহাদ হোসেন, মাজেদুল ইসলাম, আবদুল আলিম, শিমুল হোসেন, নিজাম উদ্দিন, সাব্দার হোসেন, আবদুস সামাদসহ ১০ জনকে আটক করে পুলিশ। আবদুল খালেক অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁর লোকজনের ওপর হামলা চালিয়েছে। তাঁর সমর্থকদের সভাস্থলে যেতে দেওয়া হয়নি। তাঁর সমর্থকেরা কোনো হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত নন বলে তিনি দাবি করেন। অন্যদিকে সাইদুল করিম অভিযোগ করেন, দলের মধ্যে থাকা একটি চক্র বিএনপির সঙ্গে আঁতাত করে এই হামলা চালিয়েছে। যারা কখনো আওয়ামী লীগের মঙ্গল চায় না। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ ও ভাঙচুরের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।