ঝিনাইদহে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানার উদ্দীনকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার পানামী গ্রামে তাঁকে হত্যা করা হয়েছে।
ছানার উদ্দিনের বাড়ি সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের আর্য্যনারায়ণপুর গ্রামে। দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানার উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের নেতা আর্য্যনারায়ণপুর গ্রামের ইবাদত হোসেনের বিরোধ চলছিল। ছানার উদ্দিন জীবনের ভয়ে গ্রামের বাইরে অবস্থান করছিলেন। আজ রাতে তিনি নিজ গ্রামে ফেরার পথে পানামী গ্রাম পর্যন্ত আসা মাত্র সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর তার হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই মারা যান ছানার উদ্দিন।
এ হত্যাকাণ্ড নিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে। তবে এটা দলীয় কোন্দল কি না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত ছানার উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।