ঝিনাইদহে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানার উদ্দিনকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার পানামী গ্রামে তাঁকে হত্যা করা হয়।দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে এলাকাবাসী ধারণা করছে। নিহত ছানার উদ্দিনের বাড়ি সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের আর্যনারায়ণপুর গ্রামে। এলাকার অনেকে জানান, ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছে। এক পক্ষের নেতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানার উদ্দিন প্রাণ বাঁচাতে গ্রামের বাইরে অবস্থান করছিলেন। গতকাল রাতে তিনি নিজ গ্রামে ফেরার চেষ্টা করছিলেন। তিনি পানামী গ্রাম পর্যন্ত আসামাত্র ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই ছানার উদ্দিন মারা যান।সদর থানার এসআই জিয়ারুল ইসলাম জানান, ছানার উদ্দিনকে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।