ঝিনাইদহে আ.লীগের ছয় নেতা বহিষ্কৃত
ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানো এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ছয়জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের কার্যকরী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংসদ বি এম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার।
বহিষ্কার করা নেতারা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলম রশিদ, হরিনাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জীবন কুমার বিশ্বাস, সদস্য আজিজুর রহমান, সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ ও জেলা যুবলীগের সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জল।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের প্রার্থী সাংসদ শফিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী কাজ করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সর্বসমঞ্চতিক্রমে দলের ওই ছয় নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।