ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একরামুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন নয়জন। নিহত একরামুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।গ্রামবাসী জানায়, ভবনগর গ্রামে ৪০ বিঘা জমির মালিকানা নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কর্মী মজনু মিয়া ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন গতকাল সকাল সাতটার দিকে সড়কি, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হওয়া একরামুল (৪০), কালু মিয়া (২৬), ফিরোজ মিয়াকে (৪৪) যশোর সদর হাসপাতালে এবং জমির আলী (৩০) ও মাজেদুল ইসলামকে (২৮) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেল চারটার দিকে একরামুল মারা যান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েজউদ্দিন হামিদ জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে, এটা দলীয় কোনো বিষয় নয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, ‘এখনো কেউ মামলা করতে আসেনি। সংঘর্ষে জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক।’