ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে মিঠুন হোসেন (২৮) নামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজার এলাকার ঠিকডাঙ্গা নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। মিঠুন হোসেন কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের বাবু মণ্ডলের ছেলে। তাঁর পরিবারের সদস্যরা জানান, মিঠুন বারোবাজার বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারে কাজ করতেন। মঙ্গলবার রাতে তাঁকে কর্মস্থল থেকে কে বা কারা ডেকে নিয়ে যায়। তারা ঠিকডাঙ্গা নামক স্থানে নিয়ে মিঠুনকে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। রাতেই খবর পেয়ে তাঁরা খোঁজাখুঁজি করতে থাকলে তাঁর মৃতদেহ পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব অথবা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল মান্নান জানান, তিনি পুলিশকে আগে থেকেই অবহিত করেছিলেন বারোবাজার এলাকায় সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে। তার পরও পুলিশের তৎপরতা দেখা যায়নি।।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কমিটিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে। এর এক পক্ষের নেতৃত্ব দেন সাংসদ আবদুল মান্নান। অপর পক্ষে আছেন আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আজিম ওরফে আনার। এই দুই নেতার দ্বন্দ্বে উপজেলা কমিটির নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছেন।