ঝিনাইদহে আগুনে পুড়েছে দেড় বিঘা জমির পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের মাঠে আগুনে দুই কৃষকের দেড় বিঘা জমির পান পুড়ে গেছে।

গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার সময় উপজেলার রায়গ্রাম মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বরজের মালিক দুলালমুন্দিয়া গ্রামের আবদুর রহিম ও শহিদুল ইসলাম জানান, গতকাল সকালে তাঁরা বরজে কাজ করে দুপুরের খাবার খেতে বাড়িতে যান। হঠাৎ খবর পান বরজে আগুন লেগেছে।

খবর পেয়ে খেতে এসে দেখেন সব পুড়ে শেষ হয়ে গেছে। তাঁরা জানান, মাঠে কর্মরত কৃষকেরা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালীগঞ্জ ও কোটচাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, আগুনে আনুমানিক তিন লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ওই গ্রামের দুই কৃষকের পানের বরজ আগুনে পুড়ে গেছে। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে।