ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফফার বিশ্বাস হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার জেলায় আধা বেলা হরতাল পালিত হয়েছে। হরতালের সময় শহরে কোনো যানবাহন চলাচল করেনি। তবে কোনো সহিংস ঘটনা ঘটেনি। এদিকে, গতকাল বিকেলে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেছেন নিহত গফফারের ছোট ভাই রেজাউল ইসলাম বিশ্বাস। এতে ১৮ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে চায়নি।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মৈত্র মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের মধ্যে ক্ষমতাসীন দলসহ কয়েকটি রাজনৈতিক দলের কিছু প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে। গত সোমবার ভোরে ঝিনাইদহ শহরের আরাবপুর চাকলাপাড়া এলাকায় আবদুল গফফার বিশ্বাসকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় এখনো জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে।
হত্যাকারীদের বিচারের দাবিতে শহরের আরাবপুর বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গতকাল প্রতিবাদ সমাবেশ করে।
তবে মঙ্গলবার রাতে খবর ছড়িয়ে পড়ে, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। এরপর মামলা প্রত্যাহারের দাবিতে শুরু হয় সড়ক অবরোধ। রাত আটটার দিকে মেয়রের সমর্থকেরা শহরের আরাবপুর বাসস্ট্যান্ডে এই অবরোধ করেন।