ঝিনাইদহে আবার পানের বরজে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রামে গতকাল মঙ্গলবার আবার পানের বরজে আগুন লেগেছে। এতে প্রায় ৪০ জন কৃষকের ৫০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অসিত দত্ত জানান, গতকাল সকাল ১০টার দিকে পাশের পানের বরজে কাজ করার সময় কৃষকেরা তাঁদের খেতে আগুন জ্বলতে দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী আগুনে তাঁর পাঁচ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। মোট ৪০ জন কৃষকের ৫০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। স্থানীয় পানচাষি সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ জানান, এই অঞ্চল থেকে পানের চাষ শেষ করে দিতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। তারা পানের বরজে আগুন দিয়ে ধ্বংস করে দিচ্ছে এই শিল্পকে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘প্রতিনিয়ত এই আগুনের ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখা হবে।’ এর আগে ৯ ফেব্রুয়ারি রায়গ্রাম ইউনিয়নের দুলালমুন্দিয়ায় ১৫ জন কৃষকের ২৫ বিঘা এবং ২০ ফেব্রুয়ারি রায়গ্রামে ১৮ জন কৃষকের ২০ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে যায়।